যমুনা নদীতে বগুড়া-জামালপুর নৌরুটে
উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে পড়েছে সি-ট্রাক সার্ভিস শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত। ২৩ আগস্ট সি-ট্রাকটি বিকল হওয়ার
পর পাঁচ দিনেও সচল হয়নি। সি-ট্রাক বিকল হয়ে থাকায় আবারো দুই এলাকার বাসিন্দাদের পাঁচদিন
ধরে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে। নদীতে পানি ভরা থাকায় এ ঝুঁকি আগের
থেকে আরো দ্বিগুণ বেড়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মো.
রাসেল মিয়া জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাক বিকল হওয়ায়
যাত্রী পারাপারে সমস্যা হয়েছে। বিআইডব্লিউটিসি ত্রুটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করছে। আশা করি দ্রুত ঘাটে পারাপার স্বাভাবিক হবে।
সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জাহিদুল ইসলাম জানান, ১২ আগস্ট থেকে বগুড়া সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামালপুর জামথল ঘাটের মধ্যে সি-ট্রাকে প্রতিদিন একবার করে যাত্রী পারাপার শুরু হয়। ২৩ আগস্ট যাত্রী নিয়ে ঘাট ছাড়ার পর যমুনা নদীতে সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। পরে উদ্ধারকারী ফেরি এনে এটিকে ঘাটে নেয়া হয়। ২৪ আগস্ট থেকে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। আরো দুই থেকে তিনদিন সময় লাগতে পারে সি-ট্রাকের ইঞ্জিন সচল করতে। দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন সচল করতে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে ম্যাকানিক পৌঁছেছে। তারা কাজ করছে। তবে এটি মেরামত করতে সময় লাগবে।










