বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্কের শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান মায়েরস্ক লাইন। একই সঙ্গে জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে।

আজ শনিবার রাজধানীতে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন অংশ নেন।

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, মায়েরস্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। ডেনমার্কের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুনামের সঙ্গে জাহাজ পরিচালনা এবং শিপিং ও লজিস্টিকস ব্যবসা করে আসছে।

আলোচনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাহাজ নির্মাণের পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও মায়েরস্ককে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, মায়েরস্ক লাইনের বিশ্বজুড়ে বিপুলসংখ্যক বড় আকারের জাহাজ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ব্যবহৃত পুরোনো জাহাজের পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশ একটি সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।

বৈঠকে বলা হয়, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার—দুই খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্ভাবনা রয়েছে। এ খাতে আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ আকৃষ্ট করা গেলে দেশের শিল্পায়নের পাশাপাশি ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ আরো বাড়বে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এতে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্মসচিব (এফটিএ ২) মাহবুবা খাতুন মিনু, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খায়রুজ্জামান; এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান বিবেক শর্মা; মায়েরস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়েল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেসবিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ।