মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির বাসভবন ঘিরে গতকাল দিনভর চলে উত্তেজনা। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি ৩২ এর দুই ফটকে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ের ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, শেখ মুজিবুর রহমানের বাড়িটি ঘিরে দুই ফটকের সামনে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। সেই সঙ্গে চেকপোস্টও বসানো হয়েছে। এছাড়া ভেতরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান করছেন। জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
দায়িত্বে থাকা ধানমন্ডি থানার সাব-ইন্সপেক্টর মো. খলিলুর রহমান বণিক বার্তাকে জানান, গতকালের ঘটনার পর থেকে আপাতত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্দেশনা পেলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এদিকে ধানমন্ডির দুই প্রবেশমুখে হঠাৎ নিষেধাজ্ঞা দেয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। তারা জানান, এই দুই গেট দিয়ে নিয়মিত যাতায়াত করা হলেও হঠাৎ নিষেধাজ্ঞা দেয়ায় বেগ পেতে হচ্ছে তাদের।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি ফের ভাঙতে চাওয়াকে কেন্দ্র করে গতকাল দিনভর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পাশাপাশি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে একজন সেনাসদস্যও আহত হয়েছেন।










