রাজধানীর হাতিরঝিলে চাকা ভেঙে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক আশরাফ হোসাইন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। এছাড়া সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে দুজন এবং নেত্রকোনা ও শরীয়তপুরে দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: দুই যাত্রী নিয়ে গতকাল বিকালে গন্তব্যে যাচ্ছিলেন অটোরিকশাচালক আশরাফ হোসাইন। হাতিরঝিল এলাকায় চাকা ভেঙে অটোরিকশাটি উল্টে যায়। পথচারীরা গুরুতর অবস্থায় আশরাফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। দনিয়া স্কুলের পাশে পরিবার নিয়ে বাস করতেন তিনি। 

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় ফজলুল হক (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ফজলু মিয়া উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামের মৃত ডামেশ আলীর ছেলে। গতকাল দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মরাখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে গতকাল দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী  একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশার ওপর তুলে দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরো সাতজন। 

শরীয়তপুর: গোসাইরহাটে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশাচাপায় আদিবা ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রানীসার এলাকার বোরহান উদ্দিনের মেয়ে।

নেত্রকোনা: কলমাকান্দায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবী আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নয়জন। এর মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।