কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমার থেকে বাংলাদেশ ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণ ও শিশুর আহতের ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সো মোকে তলব করে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিবৃতির মাধ্যমে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গোলাগুলি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের জন্য অন্তরায়। এ কথা মিয়ানমারকে স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ।

আরো বলা হয়, বাংলাদেশ ভবিষ্যতে এ ধরনের সীমান্ত-পার গোলাগুলি বন্ধে পূর্ণ দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জোর দিয়ে বলেছে, মিয়ানমারের কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে তা নিশ্চিত করতে হবে।

এ সময় মিয়ানমার সরকার এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন দেশটির রাষ্ট্রদূত। সেই সঙ্গে আহত শিশুটি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।