মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে মৎস্য পোনা অবমুক্ত করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার নির্ধারিত পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তরের আয়োজন ও গাকৃবির ফিশারিজ অনুষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে।
মৎস পোনা অবমুক্ত শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা। এসময় বক্তারা দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনে গবেষণাভিত্তিক পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ গঠনের প্রয়োজনীয়তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণা ও শিক্ষাকেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে মাছের উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এই ধরনের উদ্যোগ আমাদের দেশের মৎস্যখাতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। বিশ্ববিদ্যালয় ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আমরা একটি টেকসই ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে পারি।’ এ সময় উপাচার্য মৎস্য অধিদপ্তরকে গাকৃবির ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ দেয়ার আহ্বান জানান।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. মনিরুল ইসলাম।
এছাড়াও গাজীপুর জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ গাকৃবির ফিশারিজ অনুষদের শিক্ষক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি










