দায়িত্ব পালনের জন্য ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) অফিসে প্রবেশ করতে পারেননি নবনিযুক্ত প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। রোববার (১০ আগস্ট) সংগঠনের কার্যালয়টি তালাবদ্ধ থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

এদিন সকালে আটাবের সাবেক নেতা হায়াতুন্নবী মজুমদারের নেতৃত্বে কয়েকজন সাধারণ সদস্য অফিসের নিচে অবস্থান নেন প্রশাসকের প্রবেশ ঠেকাতে। ১০-১৫ মিনিট পর তারা সরে যান, তবুও তালা খোলা হয়নি।

অন্যদিকে বাহার আলম মজুমদার ও একরামুল হকের মতো একাধিক এজেন্ট মালিক প্রশাসককে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। সরকারি নিয়োগপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালনে বাধা দেয়া আইনত অপরাধ বলে মন্তব্য করেছেন তারা। দ্রুত তালা খুলে প্রশাসককে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উপস্থিত এজেন্ট মালিকরা।

এ বিষয়ে প্রশাসক মোতাকাব্বীর আহমেদ জানান, ‘অফিস তালাবদ্ধ রয়েছে। সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। আশা করি সমস্যা দ্রুত সমাধান হবে।’

গত ৪ আগস্ট আটাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়া হয় তাকে।