দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উভয় স্থানেই এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে কাজের খোঁজে বের হওয়া নিম্ন আয়ের লোকজন বিপাকে পড়েন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশে সাধারণ শীত থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। বসন্তের শুরুতে, বিশেষ করে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টির প্রবণতা থাকে। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৮ জানুয়ারি। এদিন তেঁতুলিয়ায় পারদ নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে।










