বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘‌জনগণের ওপরে ‘দলীয় এজেন্ডা’ চাপিয়ে পার পাওয়া যাবে না।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভায় সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি নিয়ে আন্দোলনরত দলগুলোর প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি।

তোপথানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’ এর কেন্দ্রীয় কমিটির সম্মেলন-২৫ এর এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্ব নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ।

ডা. জাহিদ বলেন, দেশের মধ্যে একধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেলতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যটা কী? মনে রাখবেন, এ বাংলাদেশ আগের বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না।

তিনি বলেন, আসেন আমরা জনগণের কাছে যাই। জনগণ যাকে গ্রহন করে। আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাবো। জনগণ কাকে গ্রহন করবে আমরা সে এজেন্ডাকে স্যালুট করব। কিন্তু কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের মতামতের ওপর আপনার দলীয় এজেন্ডা, গোষ্ঠী এজেন্ডা, কোনো দেশীয় অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্রের এজেন্ডা চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন সেটি বাংলাদেশের মানুষ হতে দেবে না।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ ও আরিফুল ইসলাম আরিফের যৌথ সঞ্চালনায় আলোচনায় ফারিয়ার নেতারা বক্তৃতা দেন।