বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রনি মোল্লা নামে একজন নিহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন নিহত রনির দুই ভাই। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রনি মোল্লা ওই গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রনির লোকজনকে মামুন মেম্বারের লোকজন কুপিয়ে জখম করে। ওই ঘটনার জেরে মঙ্গলবার রাতে রনির লোকজন মামুন মেম্বার ও তার লোকদের ওপর হামলা চালায়। এ সময় মামুনের বাহিনী রনিসহ তার তিন ভাইকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৩টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার অন্য দুই ভাই শহিদুল ইসলাম সোহেল ও তরিকুল ইসলাম তৌকিরের চিকিৎসা চলছে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।