টিফিন ও ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সকালে জামগড়ায় স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ এক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। বিক্ষুব্ধ শ্রমিকদের মারধরের শিকার হয়ে কারখানাটির অন্তত ছয়জন স্টাফ আহত হয়েছেন বলে জানিয়েছেন কারখানাটির মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মান্নান মিয়া।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি বলেন, ‘শ্রমিকদের দাবি, ২০ দিনের ছুটির টাকার পরিবর্তে মালিক পক্ষ তাদের ১৭ দিনের টাকা পরিশোধ করে। তিনদিনের ছুটির টাকার দাবিতে কারখানাটিতে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। গতকাল শ্রমিকরা তাদের দাবির বিষয়ে মালিক পক্ষের সিদ্ধান্ত না পেয়ে বিক্ষোভ শুরু করেন।’