বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত সাড়ে ১২টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রাজু আহমেদ (৩৫) নৌকা প্রতীকের কর্মী ছিলেন।
গত ১৬ ডিসেম্বর গাবতলী উপজেলার কোলারবাড়ি গ্রামে রাজু ও তার বড় ভাই আমজাদ হোসেন (৪২) ছুরিকাহত হন। এরপর তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম আমজাদ হোসেন এখনো চিকিৎসাধীন।
বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান,
এ ঘটনায় আহত আমজাদ হোসেন ১৭ ডিসেম্বর বাদী হয়ে প্রতিবেশী ইউসুফ আলীকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ফেরদৌস নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরের জন্য আদালতে আবেদন করা হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজু ও তার ভাই আমজাদ কোলারবাড়ি গ্রামে বাড়ির পাশে ছুরিকাহত করে প্রতিপক্ষ।










