ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব বিশেষ অতিথির বক্তব্য দেন।

সিইসি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দৃশ্য ও অদৃশ্য বহু ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বাইরে থেকে এসব চ্যালেঞ্জের পূর্ণ রূপ বোঝা সম্ভব নয়, তবে কমিশন সেগুলো মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং এর পথে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। তবে আমি সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি। নেগেটিভ কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নেই এবং আমি কোনো কিছু নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না।

সিইসি বলেন, এ নির্বাচন একটি বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই আমাদেরকেও বিশেষভাবে এটি মোকাবেলা করতে হবে। বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেই নির্বাচনকে এগিয়ে নিতে হবে।

তিনি সম্প্রতি কানাডায় ভ্রমণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সেখানে প্রবাসীদের মধ্যে নির্বাচনী উৎসাহ চোখে পড়ার মতো ছিল। ভোট দেওয়ার প্রতি তাদের আগ্রহ অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেব, কিন্তু বেআইনি কোনো নির্দেশনা আমরা দেব না। কাউকে ফেভার করার জন্য নির্দেশনা দেব না। আমাদের নির্দেশনা হবে সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক। আমরা নিশ্চিত করতে চাই, আপনারা কাজটা সঠিকভাবে করছেন, এটা যারা ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবার জন্য প্রযোজ্য।

সিইসি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমি দেখেছি, ওখানে যতগুলো দেশের নেতার সঙ্গে উনি দেখা করেছেন, যত বক্তৃতা দিয়েছেন, বলেছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা আছে বলেই কিন্তু তিনি প্রতিনিয়ত বলে আসছেন-আমি বাংলাদেশে একটা ঐতিহাসিক নির্বাচন দেব। তাই আমাদেরকে তার এই আস্থা ও বিশ্বাসটা ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে- আমরা এটা পারি। আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব।