জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা ব্যক্তিরা গুমের শিকার হননি বলে জানিয়েছে গুম কমিশন। কমিশনের তথ্যমতে, সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার এবং বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হলেও সেখানে গুমের শিকার কারো নাম পাওয়া যায়নি।

সোমবার (৫ জানুয়ারি) গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কমিশন জানায়, একটি ব্যতিক্রমী ঘটনা তাদের অনুসন্ধানে ওঠে এসেছে। ২০২৪ সালের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের বাসিন্দা ও গুমের শিকার মোহাম্মদ রহমত উল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশ-ইন করার একটি নির্দিষ্ট ঘটনার তথ্য পাওয়া গেছে।

গুম কমিশনের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশী নাগরিকদের তালিকা কমিশন পেয়েছে। প্রথম দফায় ১ হাজার ৫২ জন এবং দ্বিতীয় দফায় ৩ হাজার ২৮৫ জন বাংলাদেশীর তালিকা যাচাই করা হলেও সেখানেও গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি।

তবে এ তালিকার কিছু তথ্য অসম্পূর্ণ ও অস্পষ্ট হওয়ায় বিষয়গুলোর সুস্পষ্ট ব্যাখ্যা এবং হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতির তথ্য জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে বলা হয়েছে বলে জানিয়েছে কমিশন।