ফরিদপুর শহরতলীর রঘুনন্দনপুর এলাকা থেকে ইয়াবা তৈরির চারটি ডাইচ মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। এসময় ২২০ পিস ইয়াবাও জব্দ করা হয়। আটক করা হয় দুই নারীসহ চারজনকে। 

গতকাল মঙ্গলবার রাত ১০টার রঘুনন্দনপুর পাট্টাদারকান্দি এলাকার ইসলাম মঞ্জিলের নুরুল ইসলামের বাসার নিচতলায় অভিযান চালিয়ে এসব জব্দ ও আটক করা হয়।  

আটককৃতরা হলেন, জেলার ভাঙ্গা উপজেলার দিঘলকান্দা গ্রামের মৃত মান্নান শেখের ছেলে ওবাইদুর শেখ, নগরকান্দা থানার ফাইবালিয়া গ্রামের স্বামী-স্ত্রী আনিছুর রহমান ও হ্যাপি বেগম এবং পাবনা জেলার আতাইকুলা থানার ধানুয়াঘাটা গ্রামের জুলি খাতুন। 

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রঘুনন্দনপুর পাট্টাদারকান্দি এলাকার ইসলাম মঞ্জিলের নুরুল ইসলামের বাসার নিচতলার ভাড়াটিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ওই বাসা থেকে ইয়াবা ও ইয়াবা তৈরির চারটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় ইয়াবা তৈরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই নারী এবং দুই যুবককে আটক করা হয়। আটক ওবাইদুরের নামে ভাংগা থানায় মাদকের মামলা রয়েছে। 

গত ২৩ জানুয়ারি ওই পরিবারগুলো বাসাটি ভাড়া নেন বলে জানান বাড়ির মালিক নুরুল ইসলাম।