আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যেতে পারে। ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন স্থাপন করে কেন্দ্রের ভেতের কী হচ্ছে, তা সরাসরি লাইভ সম্প্রচার করা যেতে পারে।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রয়োজনে ডাকসু নির্বাচনের মতো এ পদ্ধতি অবলম্বন করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন তারা।
সুজনের সহসভাপতি বিচারপতি এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, আলোকচিত্রী ড. শহীদুল আলম, লেখক ও সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার, এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমীন টুলী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ডা. হালিদা হানুম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ সাহান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ভয়েস ফর রিফর্মের অন্যতম উদ্যোক্তা ফাহিম মাশরুর প্রমুখ।
মূল প্রবন্ধে সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর মানুষের মধ্যে এ আশাবাদ সৃষ্টি হয়েছে যে আর কোনো কর্তৃত্ববাদী শাসনের পুনরুত্থান যেন না ঘটে, নির্বাচন ব্যবস্থা যেন পরিশুদ্ধ হয়, গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং সর্বোপরি সাম্য-মানবিক মর্যাদা-ন্যায়বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ গড়ার মধ্য দিয়ে রাষ্ট্রে যেন সুশাসন কায়েম হয়। নির্বাচন সঠিক না হলে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় না। একটি প্রতিনিধিত্বশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।’
ড. ওয়ারেসুল করিম বলেন, ‘৫৪, ৭০ ও ৯১ সালে অনুষ্ঠিত নির্বাচনগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এসব নির্বাচনের সাধারণ বৈশিষ্ট্যগুলো ছিল নির্বাচনে সরকারের হস্তক্ষেপ না থাকা, প্রশাসনের দলনিরপেক্ষ আচরণ এবং ভোটারদের আস্থা। নির্বাচন কমিশনকে ছোটখাটো বিষয় থেকে নজর সরিয়ে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে কোনো আপস করা যাবে না। শুধু মুখে বললেই হবে না, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে শক্ত পদক্ষেপ নিতে হবে।’
ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে হলে কতগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া দরকার। নির্বাচনের আগের রাতে যে সংকট তৈরি হয় তা দূরীকরণে সংকট প্রশমন কমিটি গঠন করতে হবে, যাতে কোথাও ভোট কেনাবেচা এবং সংঘাত হলে সে কমিটি দ্রুত কাজ করতে পারে। এবার একই সঙ্গে দুটো নির্বাচনের কারণে ভোটার বেশি হবে, তাই বুথের সংখ্যা বাড়াতে হবে।’
ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অনিয়ম কমে যাবে এবং ভোট গণনা স্বচ্ছভাবে করা যাবে।’
ড. দিলারা চৌধুরী বলেন, ‘অভ্যন্তরীণ সংকট ও বহির্বিশ্বের নানা সংকট থেকে উত্তরণে আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এজন্য রাজনৈতিক ঐক্য ও নির্বাচনের আবহ তৈরি করা দরকার। বর্তমানে দলগুলো ইস্যুভিত্তিক আলোচনা থেকে যেকোনো মূল্যে নির্বাচনে জিতে আসার চেষ্টা করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা। আমরা আশা করেছিলাম, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হবে, কিন্তু সেটা হয়নি। দেশে ভয়াবহ অস্ত্রের চালান আসছে। তাই নির্বাচনের আগে অস্ত্রের উদ্ধার করতে হবে। নির্বাচনে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণে নির্বাচনের কমিশনের দক্ষতা বাড়াতে হবে।’
ড. শহীদুল আলম বলেন, ‘সত্যিকার অর্থেই নির্বাচনে দুটো জিনিস ব্যবহার হয়, একটা হলো টাকা, আরেকটা লাঠি। এ দুটো থেকে কীভাবে আমরা রক্ষা পাব সে নিয়ে ভাবতে হবে। নির্বাচনী ব্যয়ের সীমা রয়েছে, কিন্তু তা মানছে না। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে।’










