মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার নতুন চরচাষী, পুরান বাউশিয়া ও ভবেরচর কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ-আল-মামুন। এ সময় প্রায় দুই কিলোমিটার এলাকায় আবাসিক ও বাণিজ্যিক আড়াই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহ। তিনি জানান, কয়েক দিনের টানা অভিযানে প্রায় সাড়ে ১১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অবৈধ সংযোগ সচল থাকায় দীর্ঘদিন বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে সরকার। এটি কোনোভাবেই মেনে নেয়া হবে না। আগামীতে কেউ অবৈধ সংযোগ ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে। অভিযানে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না, ভবিষ্যতেও কেউ ছাড় পাবে না।










