রাঙ্গামাটিতে রুবেল চাকমা (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শহরের আমানতবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

রুবেল চাকমা রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়ার অনিল কুমার চাকমার ছেলে।

রাঙ্গামাটি আনসার ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, রুবেল চাকমা আনসার বাহিনীর পোশাক পরিহিত ছবি ফেসবুকে পোস্ট করে প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করতেন। পরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আদায় করতেন।

অভিযোগ রয়েছে, শান্তু চাকমা, বাচ্চুমনি চাকমা ও বিপলন চাকমা নামের তিন ব্যক্তিকে চাকরি দেয়ার কথা বলে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা নেন রুবেল। তবে চাকরি না পেয়ে ভুক্তভোগীরা আনসার ব্যাটালিয়নের কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের কোনো সদস্য নন। কিন্তু ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ব্যাটালিয়নের পোশাক পরা ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ব্যাটালিয়নে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছেন। অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের আমানতবাগ এলাকা থেকে রুবেল চাকমাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।