ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার পর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার সড়কের দুই পাশের জমে থাকা পানি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্রশাসক পানির মধ্যে হেঁটে ড্রেন ও পানি নিষ্কাশনের নালার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় দোকানদারদের ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
পরে তিনি মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার পরিদর্শন করে বাজারের অপরিচ্ছন্ন পরিবেশে অসন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে দোকানদার, বাজার কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের ডেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রশাসক।
পরিদর্শনকালে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










