ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও সতর্ক করে দেন। শনিবার (৩ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। আর দেশের মানুষকে কোনো বিদেশি শাসনের ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের জনগণ দেশের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে। অতীতে ষড়যন্ত্র করে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হলেও ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রভাব বিস্তার করেছে, তাদের পরিবর্তে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার কথাও বলেন মিজানুর রহমান মিনু।
জাতীয়তাবাদী ওলামা দলকে দোয়া ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় নেতৃত্বে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ওলামা দলের নেতাকর্মীরা জাতীয় সংসদে যাওয়ার যোগ্যতাও রাখেন। সংগঠনটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঐক্যবদ্ধ হয়ে শক্ত অবস্থান তৈরি করেছে।
তিনি আরো বলেন, স্বাধীন, সার্বভৌম, নিরাপদ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আলেম-ওলামাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক এডভোকেট মো. শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল।এছাড়া, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বক্তব্য দেন । মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিও সভার উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরো বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. নুরুল আলম। সভায় ওলামা দলের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।










