রাষ্ট্রপতি পদে নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আজকে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছি। সিইসি এ এম এম নাসির উদ্দিন আমাদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
তিনি বলেন, আমাদের মনোনীত প্রার্থী কর্নেল (অব) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমরা আশা করছি আমাদের প্রার্থী ১৬ আগস্ট যাচাই-বছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হবেন।
তিনি আরো বলেন, আমরা এখানে জিতব কি হারব এটা বিষয় নয়। আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক সেটা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।










