অভিনব কায়দায় বৈদ্যুতিক মিটার টেম্পারিংয়ে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সহায়তায় জেলার ডিবি পুলিশ গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদের আটক করে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, কিছুদিন ধরে একটি চক্র শিল্প কারখানার মিটার টেম্পারিং করে আসছিল। সাম্প্রতিকালে ১২টি শিল্পকারখানায় মিটার টেম্পারিং করার বিষয়টি নজরে এলে তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা আদায় করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ওঅ্যান্ডএম) হাফিজুর রহমান জানান, চক্রটিকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় এলাকার একটি রাইসমিলের মালিককে দিয়ে ওই চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও ২০ হাজার টাকার বিনিময়ে একটি মিটার টেম্পারিংয়ের চুক্তি করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে আসা দুই ব্যক্তি ওই রাইসমিলের ২৫ অশ্বশক্তির মিটারটি খুঁটি থেকে খুলে পাশের একটি ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে মিটারের ভেতরে সকেটের সঙ্গে অতিরিক্ত একটি রেজিস্ট্যান্ট যুক্ত করে টেম্পারিং করার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতি ও ডিবির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।









