৩৪ বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে তার ছিল আত্মিক সম্পর্ক। পদে ছিলেন আয়া। কিন্তু শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন ‘শেফালি খালা’। কারো টিফিন হয়েছে কিনা, কেউ অসুস্থ কিনা, কারো মন খারাপ কিনা, সবকিছুরই যেন খোঁজ রাখতেন তিনি। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়ার দিন সে ভালোবাসারই প্রতিদান পেলেন শেফালি বেগম। বিদায় বেলা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। এমন বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেফালি, শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল নওগাঁ সদর উপজেলার ফতেপুর (প্রথম) উচ্চ বিদ্যালয়ে ঘটে এ আবেগঘন বিদায়। জানা গেছে, শেফালি বেগম ব্যক্তিজীবনে অবিবাহিত। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ই হয়ে উঠেছিল তার পরিবারের মতো।