আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের ৪৫৯টি উপজেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ২ হাজার ৭৫৪ জন আনসার নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত সেবা ক্রয়ে সম্মতি দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসি জানায়, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্য নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী মালামাল এবং অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের জন্য ৪৫৯টি উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রতি অফিসে ছয়জন করে মোট ২ হাজার ৭৫৪ জন আনসার নিয়োগ দেয়া হবে। ‘সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী এ নিরাপত্তা সেবা ক্রয়ে সম্মতি দেয়া হলো।