দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠল ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ৬ উইকেটে রংপুর রাইডার্সকে হারিয়েছে তারা। শুক্রবার ফাইনালে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

গতকালের নকআউট ম্যাচটি নাম পায় ‘সাকিব আল হাসান ও তামিম ইকবালের লড়াই’ নামে। আলোচিত এ নকআউট লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। এরপর শামীম হোসেনের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে (২৪ বলে ৫৯) ৭ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় রংপুর। ইংলিশ পেসার জেমস ফুলার ২৫ রানে তিনটি ও মোহাম্মদ সাইফউদ্দিন ২৭ রানে দুটি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও কাইল মায়ার্স নেন একটি করে উইকেট। 

যদিও এই রান বরিশালকে আটকানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না। মুশফিকুর রহিম (৪৭*), কাইল মায়ার্স (২৮), সৌম্য সরকার (২২) ও ডেভিড মিলারের (২২*) ব্যাটে ভর দিয়ে ৯ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। 

রংপুর রাইডার্স রাউন্ড রবিন লিগে ১৮ পয়েন্ট নিয়ে ছিল শীর্ষস্থানে। যদিও প্লে-অফে টানা দুই হারে বিদায় নিল তারা। 

বিপিএলে এটা ফরচুন বরিশালের দ্বিতীয় ফাইনাল এবং বরিশালের কোনো দলের চতুর্থ ফাইনাল। ২০২২ সালের আসরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল ফরচুন ফাইনালে হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। এছাড়া ২০১২ সালে প্রথম আসরে বরিশাল বার্নার্স হেরে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ও ২০১৫ আসরের ফাইনালে বরিশাল বুলস হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। 

আগের তিন ফাইনালে দুবারই কুমিল্লার কাছে হেরেছে বরিশাল। এবার কি তামিম, মুশফিকের কল্যাণে ভাগ্যের শিকে ছিঁড়বে ফরচুনদের?