রাজশাহী নগরীতে ব্যবসায়ী রাজু আহমেদ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রম্ভপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু।
এ মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। মামলায় খালাস পেয়েছেন নয়জন। রায় ঘোষণা শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।
তিনি জানান, রাজশাহীর বাগমারার মাদারীগঞ্জের আজিজ মাস্টারের ছেলে মুক্তার সঙ্গে এশার উদ্দিনের ছেলে রাজুর গভীর সখ্যতা ছিল। এ নিয়ে মাদারীগঞ্জের মাহাবুর রশিদ রেন্টুর সঙ্গে রাজুর বিরোধ তৈরি হয়ে। পরে রেন্টু নগরীর দড়িখড়বোনা এলাকার ভাড়াটে লোক দিয়ে ২০১০ সালের ১৫ মার্চ পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করেন।










