নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুদ করার অপরাধে সাত মিলমালিককে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি গুদাম সিলগালা করা হয়েছে। গতকাল জেলা সদর ও মহাদেবপুর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এসব তথ্য জানানো হয়।

মিডিয়া সেলে বলা হয়, ধান-চালের অবৈধ মজুদ খুঁজতে বিকাল থেকে সদর উপজেলা ও মহাদেবপুরে জেলা প্রশাসনের পাশাপাশি মজুদবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অতিরিক্ত ধান-চাল মজুদ রাখায় শহরের আনন্দনগর মহল্লার আরএম রাইস মিলের মালিককে ১ লাখ টাকা জরিমানা ও তিনটি গুদাম সিলগালা করা হয়। 

জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধভাবে মজুদ করা এসব ধান-চাল সঠিকভাবে খোলাবাজারে বিক্রি নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং একজন উপপরিদর্শকের (এসআই) সমন্বয়ে টিম গঠন করে দেয়া হয়েছে। তারা বিষয়টি তদারক করবেন। ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে মজুদবিরোধী এ অভিযান চলমান থাকবে।