চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশীকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। খবর বাসস।

শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ম. শেফায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন করে মুক্তি পাওয়া ৭৫ জনসহ এ পর্যন্ত মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে দেশটি।

এর আগে গত ৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের টেলিফোনে কথা হয়। সেখানে বড় অংশজুড়ে ছিল ৫৭ বাংলাদেশীর শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা এ সুখবরটি পেয়েছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।