চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত অ্যালকোহল পানে ৭ জনের মৃত্যুর ঘটনায় মরদেহ ময়নাতদন্তের আদেশ দিয়েছেন আদালত। এজন্য আজ মঙ্গলবার (২১ অক্টোবর) আদালতের আদেশে ৪ জনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির উপস্থিতিতে এসব মরদেহ উত্তোলন করা হয়।

যাদের মরদেহ উত্তোলন করা হয়েছে তারা হলেন—চুয়াডাঙ্গা সদরের পিরোজখালি গ্রামের লাল্টু হোসেন, খেজুরা গ্রামের সেলিম, নফরকান্দী গ্রামের খেদের আলী ও শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লা।

এর আগে, গত ৯ অক্টোবর রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায় বিষাক্ত অ্যালকোহল পান করেন কয়েকজন। এ ঘটনায় একের পর এক অসুস্থ হয়ে ৭ জনের মৃত্যু হয়। সবশেষ ১২ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ মৃতদের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। এ সময় জানা যায়, মৃতদের মধ্যে ৪ জনকে দাফন করে ফেলা হয়েছে। আদালতের নির্দেশে ওই ৪ জনের মরদেহ উত্তোলন করা হয়।