দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে দুই তরুণের। ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মানসিক প্রতিবন্ধী যুবক। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি-চালক নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথশিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মাদারীপুর: সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানিয়েছেন, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে একটি ইজিবাইক। এতে ইজিবাইকে থাকা ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরো একজন।
সিলেট: নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—দীপ্ত দাস (১৮) ও ইমন দাস (২০)। কোতোয়ালি থানার ওসি মঈনুল জাকির বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার ঝাউদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্নু মোল্লা (৪০) উপজেলার বিজুলিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা মন্নুর মরদেহ উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, ‘অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার বাজকাশারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মিন্টু (৪৫) নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বাজকাশারা এলাকার রাস্তায় দ্রুতগামী পিকআপ ভ্যান একটি সিএনজিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা সিএনজি চালক মিন্টুকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, ঘাতক পিকআপ শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
ঢাকা: রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথশিশুসহ দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
ডেমরার স্টাফ কোয়ার্টারসংলগ্ন ব্রিজের ওপর লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তিনি পেশায় লেগুনাচালক ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ব্রিজের ওপর লেগুনা ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ধাক্কা খেয়ে ওই ব্যক্তি ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যান। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শনিবার রাতে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামে এক পথশিশু নিহত হয়েছে। জাহিদের সঙ্গীরা জানায়, রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে জাহিদকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ডেমরা ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।










