জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৫৮)। তার বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামে। আহতরা হলেন— ক্ষেতলাল উপজেলার ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।

জয়পুরহাট জেনারেল হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুল দুই আরোহী নাঈম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বটতলী বাজারের দিক থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পথে কামারগাড়ি এলাকায় তাদের মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের সবাই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ সময় নাসির উদ্দিনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঈম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন, আর ফিরোজ প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নিহত হয়েছেন। তার মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।