প্যারিস অলিম্পিক অ্যাথলেটিকসে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ইমরানুর আজ নামছেন ট্র্যাকে। তিনি খেলছেন ওয়ার্ল্ড কার্ড পেয়ে। তিনি বাংলাদেশের দ্রুততম মানব। গত বছরের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে অনন্য কীর্তি গড়েন। এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিকসের বাংলাদেশের সেটিই প্রথম স্বর্ণপদক জয়। গত দেড় বছরে এশিয়ান ও বিশ্ব পর্যায়ে মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। দেখা যাক, আজ তিনি দেশের মুখ উজ্জ্বল করতে পারেন কিনা। 

প্যারিসের ট্র্যাকে বিশ্বসেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে বাংলাদেশের সংবাদমাধ্যমকে ইমরানুর বলেছেন, ‘খুবই রোমাঞ্চিত আমি। নামতে মুখিয়ে আছি। প্রথম রাউন্ড কালকে সাড়ে ১০টায়, চেষ্টা করব পরের রাউন্ডে পা রাখতে এবং সেখান থেকে এগিয়ে যেতে। অনুশীলন ঠিকঠাক হয়েছে। প্রস্তুতি ও সবকিছু নিয়ে কোচের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।’

গত আগস্টে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে হিটে প্রথম হন ইমরানুর। টাইমিং করেছিলেন ১০.৫০ সেকেন্ড। পরের রাউন্ডে ১০.৪১ টাইমিং করলেও সেমিফাইনালে উঠতে পারেননি।’