অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, ‘আমরা আজ যে তিনজনকে সম্মানিত করছি, তাদের গুণের কথা না বলে পারছি না। আমাদের আব্বা শেষ বেলায় আমাদের বলে গেছেন—সবার আগে দেশ, বাংলাদেশ প্রথম। কারণ বাংলাদেশ যদি না হতো, আমরা কিছুই হতাম না।আজ তিনজনের যে নৈতিকতার কথা শুনলাম—এ নৈতিকতা ধরে রাখতে তিনজনকে হয়তো অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। কিন্তু কখনো এসব নিয়ে তারা চিন্তা করেননি।’
বণিক বার্তা ও বিআইডিএসের আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠানে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে নাসিম মঞ্জুর এসব কথা বলেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, ‘আজ অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, ড. ফিরদৌসী কাদরী ও আমাদের বাবা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে সম্মাননা জানানো হয়েছে। তাদের মতো গুণীজনদের মনে রাখা এবং নতুন নতুন গুণীজন তৈরি করা এ মুহূর্তে বাংলাদেশে খুব দরকার। আমার ও অ্যাপেক্স পরিবারের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘অ্যাপেক্স পরিবার আমার বাবার (সৈয়দ মঞ্জুর এলাহী) কাছে নিজের পরিবারের মতো ছিল। এখানে এমন কিছু সহকর্মী আছেন, যাদের তার সঙ্গে ৩৫ বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল। অ্যাপেক্স ছাড়াও সিপিডি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এখনো প্রতি সপ্তাহে জানতে পারি, তিনি নতুন আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এটি একটি বড় পাওনা, একটি ভার। আমরা কেউ বুঝতে পারিনি যে তিনি এত কিছুতে সময় দিতেন।’
ড. ফিরদৌসী কাদরী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘ড. কাদরী। তাঁর স্বামী ছিলেন আমাদের কাদরী স্যার। তিনি এবং আমাদের মা—সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নীলুফার মঞ্জুর—সানবিমস স্কুলে যে একটি ট্রান্সফরমেশন করে গেছেন, সেটি স্মরণীয়। কাদরী স্যারের কথা এখনো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’










