দেশের টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) মডেলে আনলিমিটেড ট্রিপল প্লে সেবার পাইলট কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ পাইলট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় তিনি বলেন, বিটিসিএলের হাতে প্রায় সব ধরনের টেলিযোগাযোগ লাইসেন্স ও দেশব্যাপী বিস্তৃত ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এ সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে রিব্র্যান্ড করে একটি আধুনিক ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ট্রিপল প্লে ধারণার মূল লক্ষ্য হলো একটি সিম ও একটি সংযোগের মাধ্যমে ঘরে ও বাইরে নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যবহারকারীরা ঘরে থাকলে ওয়াইফাই আর বাইরে থাকলে মোবাইল ডেটার মাধ্যমে একই সেবা ব্যবহার করতে পারবেন।

এমভিএনও ও ট্রিপল প্লে সেবা নিয়ে করা গ্রাহক জরিপের তথ্য তুলে ধরে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জরিপে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ও ব্রডব্যান্ডের যৌথ প্যাকেজকে ইতিবাচক হিসেবে দেখেছেন। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, সেবার মান উন্নত হবে আর ডিজিটাল কনটেন্ট পাইরেসি কমাতে সহায়ক হবে।

আসন্ন নির্বাচনের পরপরই রমনা ও গুলশান এলাকা থেকে বাণিজ্যিকভাবে এ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেয়া হয়। প্রাথমিকভাবে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য এ সেবা চালু করেছে। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি ‘আলাপ’ অ্যাপভিত্তিক আইপি কলিং সেবাও অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া জিপিওএন কানেকশন ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম টফি এই সেবার সঙ্গে যুক্ত করা হবে। ভবিষ্যতে আনলিমিটেড ভয়েস, ডেটা, ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্ট একীভূত করে কোয়াড-প্লে সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ বিটিসিএল ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।