টানা তিনদিন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (ডিপিএইচই) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর গতকাল সচল করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাঙ্গামাটি বিতরণ বিভাগ। বিদ্যুৎ সংযোগ সচল হওয়ায় পৌর এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে ডিপিএইচই।
বিপিডিবি জানিয়েছে, ডিপিএইচইর বকেয়া টাকা পরিশোধের ‘কমিটমেন্ট’ দেয়ার পর বিচ্ছিন্ন সংযোগ পুনরায় সচল করেছে বিপিডিবি রাঙ্গামাটির বিতরণ বিভাগ। বিষয়টি নিশ্চিত করে ডিপিএইচই রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বণিক বার্তাকে বলেন, ‘গতকাল ভোর ৪টায় রাঙ্গামাটি শহরে পানি সরবরাহ শুরু হয়েছে। এখনো সব এলাকায় পানি সরবরাহ করা না গেলেও আমরা ধাপে ধাপে সব এলাকায় দেব।’
একসঙ্গে যাতে সব এলাকায় পানি সরবরাহ করা যায় এমন একটি প্রকল্পের কাজ সামনে শুরু হবে।’
পরাগ বড়ুয়া আরো বলেন, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানও বকেয়া টাকা পরিশোধের বিষয়টি দেখছেন। পুরনো বকেয়া কমিয়ে আনতে থোক বরাদ্দ থেকে কিছু টাকা দেয়া হবে। আগামীতে বকেয়া টাকা যেন না বাড়ে, আমরা সে ব্যবস্থা গ্রহণ করব।’
বিপিডিবি রাঙ্গামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দীন বণিক বার্তাকে বলেন, ‘রাঙ্গামাটি ডিপিএইচইর বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল আমাদের একটি কমিটমেন্ট দিয়েছে, বকেয়া থেকে ১০ লাখ টাকা দেবেন। এর ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।’
এর আগে গত রোববার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল বিপিডিবি রাঙ্গামাটি বিতরণ বিভাগ। তিনদিন বন্ধ থাকার পর গতকাল সংযোগ দিয়েছে।









