মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন নাগরিককে দেশটিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে তাদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে ৩৩০ জনকে ঘাটে স্থাপিত বিশেষ তাবুতে আনা হয়েছে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপি সদস্যকে সকাল সাড়ে ৭টার দিকে ছয়টি বাসে করে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকায় আনা হয়েছে। পরে তাদের ‘কর্ণফুলী ‘ ও ‘বার আউলিয়া’ জাহাজে করে নেয়া হবে গভীর সাগরে। যেখানে অবস্থান করছে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ। সেই জাহাজের মাধ্যমে স্বদেশে ফেরত যাবেন তারা। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
বিজিবিসহ একাধিক সূত্র জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনের এ ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। যেখানে বিজিবির অধীনে আহতদেরও চিকিৎসা দেয়া হয়।










