চলতি ডিসেম্বরে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৩৮ টাকা। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। গতকালই সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। সেই হিসাবে গত মাসের তুলনায় কেজিতে দাম বেড়েছে ৩ টাকা ১৭ পয়সা। গত মাসে এর দাম কমেছিল ২৬ টাকা।

বিইআরসি প্রতি মাসেই এলপি গ্যাসের দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এ গ্যাস বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপি গ্যাসের মূল্য সংযোজন করসহ (ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৪ টাকা ৪১ পয়সা। গত মাসে তা ছিল ১০১ টাকা ২৪ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপি গ্যাসের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপি গ্যাসের সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাসের (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে তা ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এ গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপি গ্যাসের এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপি গ্যাসের দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।