যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য বাংলাদেশী নাগরিকদের নতুন শর্তের মুখে পড়তে হচ্ছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের বি-১/বি-২ (ব্যবসা ও পর্যটন) ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত দিতে হবে। এ জামানতের অংক সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। নতুন এ বিধান কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে।
ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় সাতটি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই গত মঙ্গলবার বাংলাদেশসহ আরো ২৫টি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশ এ তালিকায় যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণ করতে আগ্রহী অনেক পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীর খরচ বাড়তে পারে উল্লেখযোগ্যভাবে। সর্বোচ্চ ১৫ হাজার ডলার বন্ডের অংক বাংলাদেশী মুদ্রায় হতে পারে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা। ফলে মধ্যবিত্ত ভ্রমণকারীদের জন্য এটি বড় ধরনের আর্থিক বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এ বন্ড যেহেতু ফেরতযোগ্য, তাই যারা নিয়ম মেনে সময়মতো যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন, তাদের জন্য এটি স্থায়ী খরচ নয়। বরং একে একটি অস্থায়ী আর্থিক নিশ্চয়তা হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে অবশ্য বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য এটি যুক্তরাষ্ট্র ভ্রমণে আরো সতর্ক হওয়ার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।
রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী বণিক বার্তাকে বলেন, ‘ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যা শুরু করেছে এটা আসলে গণতন্ত্র, মানবাধিকার ও কূটনৈতিক সম্পর্কের জায়গাগুলোয় আঘাত। মানুষের চলাচলই কিন্তু অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। অথচ এ ধরনের অর্থ আরোপ মানে যারা বড়লোক তারা শুধু যেতে পারবে। কিন্তু যাদের মেধা আছে টাকা নেই তারা যেতে পারবে না। এটা শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জন্য ক্ষতিকর তা নয়; আমেরিকা নিজের জন্যও বাজে পদক্ষেপ নিচ্ছে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার ডজনের বেশি দেশের নাম রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকদের ভিসা ওভারস্টে-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হচ্ছে।
তালিকায় থাকা দেশগুলো হলো বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আন্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব আবেদনকারী অন্যান্য সব দিক থেকে বি-১/বি-২ ভিসার জন্য যোগ্য বিবেচিত হবেন, তাদের ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারিত অংকের জামানত জমা দিতে হবে। জামানতের পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তা। আর এ জামানত জমা দিতে আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ফর্ম I-352 পূরণ করতে হবে। অর্থ পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনলাইন প্লাটফর্ম Pay.gov-এর মাধ্যমে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এও জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তার স্পষ্ট নির্দেশনা ছাড়া কোনো আবেদনকারীকে জামানত জমা না দিতে। নির্দেশনা ছাড়া পরিশোধ করা হলে সে অর্থ ফেরত দেয়া হবে না।
পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, ভিসা বন্ড জমা দেয়া হলেও ভিসা অনুমোদন নিশ্চিত হয় না। ভিসা আবেদন নাকচ হলে বা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করলে জামানত ফেরত পাওয়ার সুযোগ থাকবে না। এছাড়া যেসব ভিসাধারী জামানত জমা দেবেন, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে নির্ধারিত তিনটি বিমানবন্দর ব্যবহার করে। বিমানবন্দরগুলো হলো বোস্টন লগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর। নির্ধারিত বন্দর ব্যতীত অন্য কোনো বন্দর ব্যবহার করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সৃষ্টি হতে পারে অথবা প্রস্থানের তথ্য সঠিকভাবে নথিভুক্ত নাও হতে পারে।










