এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণ ও এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দেশের সৃজনশীল প্রকাশকদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশক ঐক্য জানিয়েছে, আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এ অংশগ্রহণ এবং প্রকাশকদের অন্য যৌক্তিক দাবির বিষয়ে গত কয়েকদিন ধরে নবগঠিত সরকার ও বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে ‘প্রকাশক ঐক্য’র ধারাবাহিক আলোচনা চলছে। সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগের দিকে আমরা গভীরভাবে নজর রাখছি এবং আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

এতে উল্লেখ করা হয়, চলমান এ আলোচনার সর্বশেষ অগ্রগতি, আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের বর্তমান অবস্থা এবং সর্বোপরি আসন্ন বইমেলায় ‘প্রকাশক ঐক্য’-এর অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেশবাসীকে জানানোর জন্য আমরা আগামীকাল একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। বইমেলা নিয়ে সর্বশেষ অবস্থানের বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী করণীয় তুলে ধরা হবে বলেও এতে জানানো হয়।

প্রকাশক ঐক্যর পক্ষে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন মেছবাহউদ্দীন আহমদ (প্রকাশক, আহমদ পাবলিশিং হাউজ), এ.কে নাসির আহমেদ (প্রকাশক, কাকলী), মনিরুল হক (প্রকাশক, অনন্যা), মাজহারুল ইসলাম (প্রকাশক, অন্যপ্রকাশ), সৈয়দ জাকির হোসাইন (প্রকাশক, অ্যাডর্ন পাবলিকেশন), জসীম উদ্দিন (প্রকাশক, কথাপ্রকাশ), মোহাম্মদ নাজিম উদ্দিন (প্রকাশক, বাতিঘর প্রকাশনী; বেস্টসেলার থ্রিলার লেখক), মো. মোবারক হোসেন ( পাণ্ডুলিপি সমন্বয়ক, প্রথমা প্রকাশন), মো. গফুর হোসেন (প্রকাশক, রিদম প্রকাশনা সংস্থা), ইকবাল হোসেন সানু (প্রকাশক, লাবনী), দীপঙ্কর দাশ (প্রকাশক, বাতিঘর), কামরুল হাসান শায়ক (প্রকাশক, পাঞ্জেরি পাবলিকেশন্স), মো. জহির দীপ্তি (প্রকাশক, ইতি প্রকাশন; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬), মাহ্‌রুখ মহিউদ্দীন (প্রকাশক, ইউপিএল; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬) এবং মাহাবুব রাহমান (প্রকাশক, আদর্শ; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬)।