প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের উদ্যোগে সহায়তার অংশ হিসেবে এক লাখ সেট ড্রেস দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ উপলক্ষে আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে স্কুল ড্রেসের একটি অংশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে বিকালে অবশিষ্ট স্কুল ড্রেস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
ড্রেস হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে বিটিএমএ-এর একটি প্রতিনিধিদল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা বিটিএমএ-এর এ উদ্যোগকে স্বাগত এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানান ।
বিটিএমএ-এর প্রতিনিধিদলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. শামীম ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল ইসলাম সরকার, সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিটিএমএ-এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অন্যতম শীর্ষ প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন হিসেবে বিটিএমএ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, রফতানি সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগে সংগঠনটির অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কল্যাণে সরকারের এ উদ্যোগে বেসরকারি শিল্পখাতের অংশগ্রহণ সরকার ও শিল্পখাতের অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতাকে আরো সুদৃঢ় করবে বলে সভায় বিটিএমএ-এর পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার।










