অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার ( ১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, যারা পালাতক রয়েছেন ও যাদের নামে অর্থ আত্মসাৎ বা পাচারের বিভিন্ন মামলা রয়েছে, তাদের কিছু জব্দকৃত অর্থ বিভিন্ন ব্যাংকে রয়েছে। তাদের ডিপোজিট করা অর্থগুলোই জব্দ করা আছে। অর্থগুলো কীভাবে ব্যবহার করা হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের হাতে বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ার রয়েছে। যারা পালিয়ে গেছেন, তাদের থেকে সেগুলোও জব্দ করা আছে। এগুলোকে কীভাবে জনহিতকর কাজে ব্যবহৃত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
পাচারকৃত অর্থ ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিদেশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেছি, তাদের সহায়তা নিচ্ছি। বাংলাদেশে যেভাবে বিচারকার্য সম্পাদিত হয়েছে, সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন, তাদের অর্থ কীভাবে জব্দ করা যায়, সেজন্য আমরা ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স’ পাঠাচ্ছি। সেগুলোর অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করেছি। এ কাজটি দ্রুত এগিয়ে নিতে আমরা আরও অনেক সিদ্ধান্ত নিয়েছি।










