ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণের ঘোষণার কারণে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর খুলে দেয়া হয় রানওয়ে।

এর আগে, ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত বিমানের বিজি-৪৩৬ ফ্লাইটটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এটি অবতরণ করতে পারছিল না। ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে এটি অবতরণ করে।

এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি-৪৩৬ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছেছেন। বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখার বিষয়ে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।