ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশী নারী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ গতকাল সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন তামান্না আক্তার (২১), মাহমুদা আক্তার (২২) ও মৌসুমী দাস (২৪)। তারা ময়মনসিংহ, ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দেড় বছর ভারতে কারাবাস করেছেন বলে জানিয়েছেন ফেরত আসা নারীরা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আযহারুল ইসলাম জানান, পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পথে ভারতে যান তারা। হায়দরাবাদ শহর থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাদের পাঠোনো হয় কারাগারে। পরে একটি বেসরকারি এনজিও তাদের শেল্টার হোমে রাখে। সেখানে দেড় বছর থাকার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি এনজিওর হেফাজতে রয়েছেন তারা।