এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আয়োজিত আলোচনা সভা ও সুলতান সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘এসএম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। শিল্পী সুলতান বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছেন। তার দেশপ্রেম ও চিত্রকর্ম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে গেছেন’।
এ অনুষ্ঠানে বরেণ্য চিত্রশিল্পী ড. মো. আব্দুস সাত্তারের হাতে ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ তুলে দেন সংস্কৃতিমন্ত্রী। এর আগে শিশুস্বর্গ, সুলতান স্মৃতি সংগ্রহশালা, আর্ট গ্যালারি ঘুরে দেখেন মন্ত্রী।
এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সম্মানিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
‘এসএম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী শীর্ষক’ আলোচনাসভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি প্রমুখ।
জেলা প্রশাসন ও এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় গতকাল সকাল ৬টায় কোরআন খতম, সকাল ৯টায় শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, সকাল সাড়ে ৯টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন, সকাল ১০টায় আর্ট ক্যাম্প উদ্বোধন। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে নড়াইলের নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।










