শিক্ষার্থী ও পাঠকদের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে নন-ফিকশন বই পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে শুরু হয়েছে নবম নন-ফিকশন বইমেলা। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন হয়। যদিও এদিন সকাল থেকেই মেলার কার্যক্রম শুরু হয়েছিল। মেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক ও ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। প্রকাশকদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডর্ন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসেন এবং আদর্শর মাহবুবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হক, অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ, বাঙ্গালা গবেষণার আফজালুল বাসার প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তার সহকারী সম্পাদক ও বিশেষ সংবাদদাতা বদরুল আলম।
বিশেষ অতিথি বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘পাশ্চাত্য জগতে এ ধরনের চিন্তামূলক-গবেষণামূলক বই সর্বোচ্চ গুরুত্ব লাভ করে। আমাদের দেশও ধীরে ধীরে এমন চিন্তার দিকে যাবে। যারা এ মেলার আয়োজন করেছেন তাদেরকে আমরা অভিনন্দিত করি। তাদের এ প্রচেষ্টা আমাদের জাতীয় জীবনে সফল হোক এটাই আমাদের সবার কামনা।’
ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘নব্বইয়ের দশকে সীমিত বিনোদনের কারণে জীবন ছিল বইকেন্দ্রিক। তখন ছুটিতে বই পড়া ও আলোচনা থেকেই গড়ে উঠত ঘনিষ্ঠ সম্পর্ক।’ সে সময়ের সঙ্গে বর্তমান যুগের তুলনা করে তিনি বলেন, ‘ইন্টারনেটের যুগে শেখার সুযোগ বাড়লেও ব্যক্তিগত যোগাযোগ কমেছে। মেধা ও মননের বিকাশে বই পড়া ও আলাপের বিকল্প নেই। এই নন-ফিকশন বইমেলা শিক্ষার্থীদের বই পড়ায় আরো উৎসাহ দেবে।’
বণিক বার্তাকে তিনি এ মেলা আয়োজনের পাশাপাশি অর্থনীতি নিয়ে বিভিন্ন সময়ে খুব শক্তিশালী প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদ জানান। তার কথায় এসব প্রতিবেদন আর্থিক খাতগুলোর বিভিন্ন অস্বচ্ছতা, সমস্যা ও দুর্নীতির কথা তুলে ধরে। এছাড়া মেলা আয়োজনের জন্য ব্যবসায় শিক্ষা অনুষদকেও তিনি ধন্যবাদ জানান।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, আমরা আশা করি সবার সম্মিলিত প্রয়াসে আগামীতেও আমরা সফলভাবে এ আয়োজন অব্যাহত রাখতে পারব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ‘ব্যবস্থাপনা বিভাগ থেকে শুরু করে এখানে নয়টি বিভাগ আছে। আমরা সবাই খুব আগ্রহ সহকারে বণিক বার্তার এ আয়োজন উপভোগ করি। প্রতি বছরই এ আয়োজন করা হয়। এটি নবম বছর। এটি একটি সাকসেসফুল প্রোগ্রাম। একটি উদাহরণ দিয়ে বলি—আমরা যারা এ এলাকায় থাকি, তাদের পরিবারের সদস্যরাও এ মেলায় আসে।’
ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘এ বইমেলা ২০১৭ সাল থেকে আমার দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশে অনেক জায়গায় বইমেলা হয়, কিন্তু এ বইমেলাটি একটু ক্রিয়েটিভ। একটু ইনোভেটিভ।’
এমন বইমেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘আমাদের শহীদরা যেজন্য জীবন দিয়েছেন, বাংলাদেশের দীর্ঘদিনের যে আজাদির লড়াই—একটি আলোকিত সমাজ বিনির্মাণ করা। আমাদের শহীদদের স্মৃতি ও দীর্ঘদিনের আজাদির লড়াইয়ের বয়ানকে ভুলিয়ে দেয়ার নানা অপচেষ্টা চলছে। এসবের বিরুদ্ধে সুস্থ ধারার সংস্কৃতি গড়ে তুলতে বইমেলার মতো আয়োজন আরো বাড়ানো জরুরি।’
ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আসন্ন নির্বাচনের কারণে এবারের অমর একুশে বইমেলাটি দেরিতে শুরু হতে পারে। অর্থাৎ নির্বাচনের পর হবে। সেই সময় আবার ঝড়-বৃষ্টি চলে আসতে পারে। এবারের বইমেলাটি কতটা সফল হবে জানি না। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নন-ফিকশন বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এটি পাঠকদের জন্য আনন্দের খবর।’
আদর্শর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘সম্প্রতি গ্লোবাল রিডিং ইনডেক্সে দেখা গেছে বাংলাদেশের অবস্থান সবার নিচে। এর পেছনে বাংলাদেশের সরকারের কিছু দায় আছে। যেসব দেশ ইনডেক্সে সামনের দিকে আছে, তারা তাদের দেশের রিডিং সোসাইটির উন্নয়নে নানা ধরনের প্রণোদনা দেয়। যেমন ফ্রান্স সরকার তাদের প্রত্যেক ছাত্রকে ৩০০ ডলারের একটি “কালচার পাস” দেয়। এ পাসের মাধ্যমে তারা বই কিনতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পাবলিশিং ইন্ডাস্ট্রি খুবই কঠিন সময় পার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে নতুন প্রজন্মের রিলস দেখার যে প্রবণতা তৈরি হয়েছে, সামাজিক উদ্যোগ ছাড়া তাদের এ অবস্থান থেকে ফিরিয়ে আনা কঠিন।’
নন-ফিকশন বই পড়ার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘তরুণ সমাজের সামনে এগিয়ে যাওয়ার জন্য যে মুক্তবুদ্ধির চর্চার প্রয়োজন তা শুধু ফিকশন পড়ে সম্ভব নয়। ফিকশন পড়ে মানবিক মূল্যবোধ তৈরি হবে কিন্তু আধুনিক সমাজের চ্যালেঞ্জগুলো মোকাবেলা শুধু ফিকশন পড়ে সম্ভব নয়। এছাড়া আমাদের যেসব লেখক ফিকশন বই লেখেন তারা আমাদের নিজস্ব সংস্কৃতিকে লেখনীতে কতটা প্রতিফলিত করতে পারছেন সেটি নিয়ে সংশয় আছে। এ কারণে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তরুণ সমাজকে নন-ফিকশন বই পড়তে হবে।’
অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বলেন, ‘এ নন-ফিকশন বইমেলায় প্রকাশকদের কোনো খরচ না থাকার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক। আন্তর্জাতিক বইমেলাগুলোয় রাষ্ট্র নিজ উদ্যোগে প্রকাশকদের আমন্ত্রণ জানায় এবং খরচ বহন করে, কারণ তারা জানতে চায় আমরা কী ধরনের জ্ঞান উৎপাদন করছি, কী প্রকাশ করছি। দুঃখজনকভাবে আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের চর্চা এখনো গড়ে ওঠেনি।’
মেলার প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজের পক্ষে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি মেলা পরিদর্শন করে বলেন, ‘জ্ঞানচর্চায় বই পাঠের বিকল্প নেই। সমাজে সাধারণত বেশি আগ্রহ দেখা যায় ফিকশন বইকে ঘিরে। কিন্তু আমরা যদি গবেষণালব্ধ জ্ঞানের কথা বলি তবে সমাজে সেই জ্ঞান ছড়িয়ে দেয়ার অন্যতম মাধ্যম নন-ফিকশন বই। বিশেষত বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞানের উৎপাদন হয় তার সঙ্গে সাধারণ পাঠকের মেলবন্ধন করায় নন-ফিকশন বইগুলো। তাই এ ধরনের বইমেলার আয়োজন প্রশংসনীয়। আমরা আশা করব ঢাকার বাইরেও এ ধরনের আয়োজন হবে।’
নন-ফিকশন বইমেলার অন্যতম লক্ষ্য শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতি ও গবেষণাধর্মী নন-ফিকশন বই পাঠে আগ্রহ সৃষ্টি করা এবং এসব বইয়ের পরিচিতি বাড়ানো। ২০১৫ সালে যাত্রা করা এ বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। নন-ফিকশন বই বিপণনের ক্ষেত্রেও মেলাটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশের খ্যাতিমান প্রকাশনা সংস্থাগুলো নিয়মিতভাবে এ মেলায় অংশগ্রহণ করছে।
এ বছর নন-ফিকশন বইমেলায় মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে—অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লিমিটেড, ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জ্ঞানকোষ প্রকাশনী, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বেঙ্গল বুকস, মাওলা ব্রাদার্স, রকমারি, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ ও হাওলাদার প্রকাশনী।
মেলায় পাঠকরা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন। এছাড়া বই ক্রেতাদের জন্য মেলার শেষদিন থাকবে র্যাফল ড্রর আয়োজন, যেখানে বিজয়ীরা পাবেন ১০টি আকর্ষণীয় পুরস্কার।
মেলার আগের আয়োজনের মতো এবারো প্রদান করা হবে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের প্যানেল এবারের মেলায় এ সম্মাননার জন্য ২০২৫ সালে প্রকাশিত নন-ফিকশন গ্রন্থ নির্বাচন করবে। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে বিজয়ী গ্রন্থের লেখক ও প্রকাশককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। উল্লেখ্য, অষ্টম নন-ফিকশন বইমেলায় চারটি বই ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ অর্জন করেছিল।










