বরিশালে কঠোর লকডাউনে আয়-রোজগার হারিয়ে বিপদগ্রস্ত আড়াই শতাধিক ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)। সংস্থার বরিশাল মেট্রোপলিটন শাখার উদ্যোগে গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করে তারা। বিপদের সময় পুলিশের খাদ্যসহায়তা পেয়ে খুশি অসহায়-দুস্থরা।
এ সময় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সহধর্মিণী পুনাক মেট্রো শাখার সভানেত্রী আফরোজা পারভীন, সহসভানেত্রী স্বাতীরেমা, সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার, তাহামিনা এনি, অতিরিক্ত উপকমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) নাসরিন জাহান, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেস চন্দ্র হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।










