টাঙ্গাইলের মির্জাপুরে দুই পিকআপের চাপায় অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন জেলায় আরো তিনজনের প্রাণহানি হয়েছে। শনিবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

টাঙ্গাইল: গতকাল বিকালে সখিপুর থেকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক হয়ে তিন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাঁশতৈলের দিকে আসছিল। পথে তেলিপাড়ায় একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা চালক মারা যান।

নিহতরা হলেন অটোরিকশার চালক ও বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম, একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম, গায়রাবেতিল আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন এবং উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আব্বাস মিয়া।

বাঁশতৈল ফাঁড়ির পরিদর্শক হুমায়ুন কবীর জানান, দুই পিকআপচাপায় অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যান আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

যশোর: মণিরামপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফফার (৫৫) উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ার বাকা আলী বিশ্বাসের ছেলে। পল্লীবিদ্যুৎ দপ্তরের সামনে তার ট্রান্সফরমারের ব্যবসা রয়েছে।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, নিউ হানিফ পরিবহনের বাসটি বাগেরহাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে। বাসটি মণিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে মোটরসাইকেল আরোহী আব্দুল গফফারকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে তারা বাস ও চালককে আটক করেন।

নেত্রকোনা: মদন উপজেলায় ট্রলিচাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি তালুকদার গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তিনি মদন সরকারি হাজী আবদুল আজিজ খান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মজনু মিয়া (৪৮) নামে এক সবজিবিক্রেতা নিহত হয়েছেন। শনিবার রাতে শিমুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক শাওনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত মজনু মিয়া পূর্ব শিমুলপাড়া আইলপাড়ার আরশাদ আলীর ছেলে।