গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল, বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাক চাপায় আহত আব্বাস আলী ও রমজানকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী সিমেন্টবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুইজন আহত হয়। এ ঘটনায় সিমেন্টবাহী ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।