বগুড়ার শেরপুর উপজেলায় দুই চাল ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ধান-চাল মজুদ, কৃষি বিপণন লাইসেন্স না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এ জরিমানা করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার ও বাগড়া চকপোতা এলাকায় আলাদা অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান ও জান্নাতুল নাইম। এসময় বাজার পরিদর্শক আবু তাহের, খাদ্য পরিদর্শক, জেলা পুলিশ ও বগুড়া এপিবিএনের সদস্যরা সহযোগিতা করেন।

আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন জানান, আইন লঙ্ঘন করে বিপুল পরিমাণ ধান মজুদ করা এবং নির্ধারিত সময়ের অধিক সময় ধরে ধান-চাল মজুত করায় শেরপুরের চালকল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস কুদুর মালিকাধীন বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৫ লাখ টাকা জরিমানার করা হয়।

এছাড়া বাগড়া চকপোতা এলাকায় অবস্থিত আলাল এগ্রো ফুড ও আলাল অটো রাইস মিলে কৃষি বিপণন লাইসেন্স না থাকায় এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।