ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর তথ্যমন্ত্রীদের নিয়ে আয়োজিত ওআইসির সম্মেলনে  যোগ দিবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ফিলিস্তিন ইস্যুতে সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অপতথ্য এবং শত্রুতা বিষয়ে অনুষ্ঠিত হবে ওআইসর এবারের অধিবেশন।

অধিবেশন শেষে কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি তার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন অফিস পরিদর্শনের কথা রয়েছে তার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আসার কথা।